বিডা’র ওএসএস পোর্টালে আরো চারটি নতুন সেবা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে আরো চারটি সেবা নতুনভাবে যুক্ত করা হয়েছে। সেবা চারটি হলো- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ওয়েভার অব কন্ডিশন ৭ প্রদান, যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের সিঙ্গেল প্রসেস (নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন ও পেমেন্ট) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দখল সনদ প্রদান।
এরফলে এখন থেকে বিডার ২০টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৭ সেবাসহ মোট ৬৭টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির কনফারেন্স কক্ষে তার অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস সিস্টেমে নতুন চারটি সেবা উদ্বোধন করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিডা’র ওএসএস পোর্টালে নতুন চারটি সেবা যুক্ত হওয়ায় এখন বিনিয়োগকারীরা ঘরে বসেই আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের অফিসে আসার কোনো প্রয়োজন নেই। তারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই অতি সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যেই কাঙ্ক্ষিত সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, যদি আবেদনে কোনো কাগজ পত্রের ঘাটতি থাকে তাহলে তা মোবাইলে এসএমএস বা ইমেলের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।
তিনি আরো বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রীর দক্ষ দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়ে মিতসুবিসিসহ সে দেশের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে বিপুল বিনিয়োগ ও জাপানি কোম্পানিগুলোর জন্য স্পেশাল অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে।
অনুষ্ঠানে বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ গৃহায়ন ও গণ পূর্তমন্ত্রণালয়, যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







